কামরুল ইসলাম রতন, মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোনার মোহনগঞ্জে পৌরশহরে মাইলোড়া এলাকায় সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। ১৮ অক্টোবর উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশের সড়কে তাঁকে গুলি করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করে।গুলিবিদ্ধ সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে মনোরমা মিষ্টিন্ন ভান্ডার নামে দোকানে কাজ করতেন। স্ত্রী সন্তানকে নিয়ে তিনি মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। ,
সুজন পালের প্রতিবেশীরা জানায়, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোঁয়ার জন্য বের হব সুজন। বাসার পাশেই রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরে যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেল করে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন গিয়ে সুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মমেক হাসাপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুজন পালের স্ত্রী টুম্পা পাল বলেন, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে উঠার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে।,
পরে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন গিয়ে সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। সকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে নিয়ে আসে পরিবারের লোকজন।পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলমাত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply