খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী একটি হাওর বেষ্টিত উপজেলা। যেখানে ছয় মাস চলে পানিতে নাও, আর ৬ মাস চলে শুকনাতে পাও। যেখানে জনজীবনের দুর্ভোগের শেষ নেই, ছয়টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোকের বসবাস। বর্ষাকালে মাছ ধরে আর হেমন্তকালে বোরো ধান চাষ করে, চলে মানুষের জীবন। শিক্ষা ও স্বাস্থ্য সেবার অবস্থা খুবই দুর্বল। ১৯০৫ ইং সনে উক্ত খালিয়াজুরী থানাটি স্থাপিত হওয়ার প্রায় ১২০ বছর পর, ২০২৩/২৪ অর্থ বছরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলেও তার কোন কার্যক্রম চালু হয়নি। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। অফিস তত্ত্ব মতে ২০ জন কর্মকর্তা/ কর্মচারী জনবল নিয়োগ থাকা সত্ত্বেও, বাস্তবে সেখানে নেই কোন পাহারাদার, নেই কোন ঝাড়ুদার।
উক্ত বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, খালিয়াজুরী জামাতের আমির মোহাম্মদ ইসমাইল হোসেন এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু যৌথভাবে বলেন, আমরা স্টেশনটি চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি ষ্টেশনটি চালু হলে অত্র এলাকার জনসাধারণ উপকৃত হবে।
অত্র উপজেলার নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন বলেন, উক্ত স্টেশনে একটি রাস্তার সমস্যা ছিল আমি জেলা প্রশাসনের মাধ্যমে উক্ত রাস্তাটি করে দিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি স্টেশনটি চালু হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ষ্টেশনে কিছু সমস্যা ছিল সমাধান করা হয়েছে, আমি ফায়ার সার্ভিস অফিস কে বলেছি তাড়াতাড়ি স্টেশনটি চালু করার জন্য, আশা করি খুব দ্রুত চালু হবে।
নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে কথা বলে জানা যায়, উক্ত ফায়ার সার্ভিস স্টেশনটি ৩০৬৫২৮৩৭/- টাকা ব্যয়ে বিগত ২০১৯/২০২০ অর্থ বছরে কাজ শুরু হয়ে, ২০২৩/২০২৪ অর্থ বছরে শেষ হলে ০৯ টি পদে ২০ জন জনবল নিয়োগ দেওয়া হয়। স্টেশন অফিসার একজন, সাব অফিসার একজন, লিডার দুইজন, স্পিড বোট ড্রাইভার একজন,সাধারন ড্রাইভার দুইজন, ফায়ার ফাইটার ১০ জন, ডুবুরী তিনজন, সরকারি বাবুর্চি একজন ও ঝাড়ুদার একজন সহ মোট ২০ জন কর্মকর্তা /কর্মচারী উক্ত ষ্টেশনে নিয়োগপ্রাপ্ত হয়ে, বিভিন্ন স্টেশনে কর্মরত আছে। প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি মজুদ আছে, কিন্তু সামান্য কিছু রাস্তার কাজের বাকি থাকায় ঠিকাদারের নিকট থেকে স্টেশন বুঝে নেওয়া হয়নি। ময়মনসিংহের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন মেইন রোড থেকে স্টেশন পর্যন্ত একটি রাস্তার সমস্যা ছিল। রাস্তাটি করা হয়েছে, কিন্তু রাস্তাটির কোন দেয়াল ও পাকা করার ব্যবস্থা না থাকার কারণে ষ্টেশনটি চালু করা সম্ভব হচ্ছে না, আশা করি রাস্তাটির দ্রুত পাকা করন করে চালু করা হবে।
Leave a Reply