দিলওয়ার খান, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ আগস্ট উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পানির বোতল ও কেক বিতরণকে কেন্দ্র করে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের আয়োজন কার উদ্যোগে এবং কীভাবে করা হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জানা যায়, ১৫ আগস্ট জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে পানির বোতল ও টিফিন কেক বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদারের নির্দেশনায় এ কার্যক্রম হয়েছে বলে জানা গেলেও আয়োজনটির প্রকৃত উদ্যোক্তা বা অর্থের উৎস সম্পর্কে চলছে জল্পনা কলপনা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বিস্কুট ও পানি বিতরণ করা হয়েছে বলে তিনি জানেন। তবে এ আয়োজন কারা করেছে, তা তাঁর জানা নেই।
এলাকার কে বা কারা এ আয়োজন করেছে, সে বিষয়েও তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি। ডা. অলক আরও জানান, হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী আকরাম হোসেনকে কর্মরত অবস্থান থেকে বের করে দেয়া হয়েছে। তবে এর সঙ্গে ১৫ আগস্টের আয়োজনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি।
অপর দিকে, বিশেষ সূত্রে জানা যায়, ডা. অলক কান্তি তালুকদার সংশ্লিষ্ট একটি সংগঠনের আজীবন সদস্য। তবে ১৫ আগস্টের ঐ আয়োজনের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নেত্রকোণার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সরকারি হাসপাতালটির ভিতরে ১৫ আগস্ট উপলক্ষে রোগীদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের আয়োজনের উদ্যোক্তা, অনুমোদন এবং অর্থের উৎস নিয়ে স্পষ্টতা না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চলছে নানা আলোচনা সমালোচনা। উৎসুক জনতার প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও আয়োজনের সঙ্গে জড়িতদের বিষয়ে স্পষ্ট তথ্য বেরিয়ে আসবে। তবে ১৫ আগস্টের এ আয়োজনটি সরকারি অর্থে, ব্যক্তিগত অর্থে নাকি কোনো সংগঠনের উদ্যোগে করা হয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply