বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বৃহৎ আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাইয়ের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব। ১২ অক্টোবর নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বিষয়টিকে এ অঞ্চলসহ বাংলাদেশের জন্য সময়োপযোগী দাবি হিসেবে উল্লেখ করেন এবং তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দেন।,
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সহ-সভাপতি এম. মোখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ভজন দাস এবং সময় টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম ও তানভীর জাহান চৌধুরী সহ অন্যরা।,
স্মারকলিপিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানিমুখী শিল্পায়ন ও ভবিষ্যৎ কার্গো চাহিদা বিবেচনায় ঢাকার উত্তরে একটি বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে ঢাকা–ময়মনসিংহ যোগাযোগ করিডরের সঙ্গে সংযুক্ত ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে।,
এতে আরও বলা হয়, সম্ভাব্য বিমানবন্দরকে কেন্দ্র করে আধুনিক কার্গো টার্মিনাল, শীতলীকরণ ও পণ্য সংরক্ষণব্যবস্থা, কাস্টমস সুবিধা এবং শিল্পাঞ্চলের সঙ্গে উন্নত সড়ক ও রেল যোগাযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হতে পারে। এর মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি সক্ষমতা ও আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। স্মারকলিপিতে ত্রিশালসহ বিকল্প স্থানগুলোর তুলনামূলক মূল্যায়ন, যাত্রী ও কার্গো চাহিদার পূর্বাভাস, কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণের দাবি জানানো হয়। ,
পাশাপাশি কৃষিজমি, স্থানীয় মানুষের অধিকার ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রেসক্লাবের প্রত্যাশা, জাতীয় স্বার্থ, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের বিবেচনায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।
Leave a Reply