বিশেষ প্রতিনিধিঃ আমার স্বামী আর ফিরবে না, আমার ছোট্ট সন্তান এখন কাকে বাবা বলে ডাকবে? আমি সন্তানকে নিয়ে কীভাবে বাঁচব? এমন আকুতি নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী বৃষ্টি আক্তারের। স্বামীকে হারিয়ে ছোট সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে তাঁর এই কান্না ছুঁয়ে গেছে স্বজন ও এলাকাবাসীর হৃদয়ে। সাদ্দাম হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁরা।,
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সালেঙ্গা গ্রামের বাসিন্দারা পাবই বাজার-কলমাকান্দা সড়কে এ কর্মসূচি পালন করেন।পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ৩০ অক্টোবর রাতে পূর্ববিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দামকে লোহার রড, বল্লমসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।স্বামী হারানোর বেদনায় বৃষ্টি আক্তার বলেন, সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর স্বামী ঝগড়া ও মারামারির ঘটনার শিকার হন। তাঁকে মারধর করে আটকে রাখা হয়েছিল। ,
এখন মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর প্রশ্ন, আমার সন্তান এখন কাকে বাবা ডাকবে?বৃদ্ধ বাবা আব্দুল হাশিমের কণ্ঠেও সন্তান হারানোর হাহাকার। তিনি বলেন, স্ত্রী মারা যাওয়ার পর ২২ বছর ধরে একাই ছেলেকে আগলে রেখেছেন। এখন ছেলে, পুত্রবধূ ও নাতিকে নিয়ে তাঁর বেঁচে থাকার স্বপ্ন ভেঙে গেছে। সংসারের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা তিনি।বোন শেফালী আক্তার বলেন, পাঁচ বোনের একমাত্র ভাই ছিলেন সাদ্দাম। মায়ের মৃত্যুর পর রিকশা চালিয়ে পরিশ্রম করে বোন ও বাবার দায়িত্ব পালন করেছেন। ভাইকে হারিয়ে এখন তাঁদের পরিবার অসহায়।,
স্থানীয় ওয়ার্ড সদস্য মো. কামাল মিয়া বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া জরুরি। নিরপরাধ পরিবারটি যেন কোনো হুমকি-ধামকির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় বাসিন্দা কাদির ও আজিজ মিয়াও দ্রুত বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, সাদ্দাম হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply