নেত্রকোনা-১ এ প্রথম প্রতিমন্ত্রী ।। মন্ত্রিসভায় কায়সার কামাল ।। উচ্ছ্বাসের সঙ্গে বাড়ছে উন্নয়নের প্রত্যাশাকলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল-কে নবগঠিত মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে।
এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন নেত্রকোণা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের ভাষ্য, “এটি শুধু একজন নেতার সাফল্য নয়, পুরো এলাকার সম্মান।
উল্লেখ্য, ২০০৮ ও ২০১৮ সালেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করেন ব্যারিস্টার কায়সার কামাল। তবে তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে সংসদে যান। দীর্ঘ রাজনৈতিক অধ্যবসায় ও মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতির ফলেই এ বিজয় এসেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক মহল।
এবারের নির্বাচনে বড় ব্যবধানের জয় তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে। সেই ধারাবাহিকতায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এলাকাবাসীর কাছে প্রত্যাশার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এই আসন থেকে প্রথমবারের মতো কোনো প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ায় কলমাকান্দা- দুর্গাপুরবাসী আবেগাপ্লুত। প্রবীণদের মতে, “দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এলাকার একজন জাতীয় পর্যায়ে দায়িত্ব পেলেন। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নামজারি-খারিজ প্রক্রিয়া সহজীকরণ, খাসজমি বণ্টনে ন্যায়সংগত ব্যবস্থা এবং প্রান্তিক কৃষকের অধিকার নিশ্চিত করার দাবি এখন জোরালো।
পাশাপাশি সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সীমান্তবর্তী এলাকার উন্নয়নেও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন এলাকাবাসী। শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ দায়িত্ব আমার জন্য সম্মানের, তবে এর চেয়ে বড় বিষয় এটি জনগণের আমানত। ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নেত্রকোণা-১–এর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। নেত্রকোনা ১–এর মানুষের প্রত্যাশা একটাই- দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে উন্নয়নের ধারায় দৃশ্যমান অগ্রগতি।
Leave a Reply