মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুড়িতে ২৭ এপ্রিল একই দিনে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাইজবাগ (দায়রা কান্দি) গ্রামের মোঃ মোতালেব মিয়া (৫২)নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের ফেরী ঘাটের ধনু নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়।
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বড়রিয়া পাড়ার নেকবর খানের ছেলে মোঃ মোনায়েম খান (হালান মিয়া) ৫৫, অত্র গ্রামের সামনে জাংঘালিয়া হাওরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার মেচরা, আকনা দিগিরচর গ্রামের আফিকুল মন্ডলের ছেলে মোঃ শুভ মন্ডল ( ৩৫) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের গোপেশ চন্দ্র সরকারের বাড়ীতে ধান কাটার জন্য আসে। হাওরে ধান কাটাতে গেলে ছায়ার হাওরের গোঁজা নামক স্থানে বজ্রপাতে মা’রা যায় বলে স্থানীয় চেয়ারম্যান শামীম মড়ল বিষয়টি থানাকে অবগত করেছে।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন একই দিনে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর আমি পেয়েছি। থানা পুলিশ বাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিটি মৃত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে অভিভাবকদের কোন আপত্তি না থাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে তাদের লাশ নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, একই দিনে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। সরকারি তহবিল থেকে তাদের লাশের দাফন করার জন্য আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply