কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে বাড়ির পেছনের পুকুরে পড়ে গিয়ে জাকারিয়া নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জাকারিয়া ওই গ্রামের মো. জাকির মিয়া ও সুইটি আক্তারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির আঙিনায় ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা।
এ সময় শিশু জাকারিয়া হামাগুড়ি দিয়ে খেলার একপর্যায়ে অগোচরে বাড়ির পেছনের একটি ছোট পুকুরে পড়ে যায়। পরে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও নেমে আসে বিষাদের ছায়া।
এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগের দিন উপজেলার নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামে পুকুরের পানিতে পড়ে ১৫ মাস বয়সী মোছা: কারিমা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়। দুই দিনে দুই শিশুর এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকতে হবে।
ওসি বলেন, বাড়ির আশপাশের জলাশয় শিশুদের জন্য যেন ঝুঁকিপ‚র্ণ না হয়, সে বিষয়ে নজর দিতে হবে। সচেতনতা ছাড়া এমন দুর্ঘটনা প্রতিরোধ করা কঠিন।
Leave a Reply