খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে শত বর্ষের তাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ টিনশেট ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান। দূর্ঘটনার আশঙ্কায় শিক্ষক শিক্ষার্থীরা সর্বত্রই ভীত। স্কুলের নেই মাঠ, তাই বারান্দায় দাঁড়িয়ে শুরু হয় জাতীয় সংগীতসহ প্রথম অধিবেশনের কাজ।
উক্ত বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে ১৭ জন, ১ম শ্রেণীতে ২২ জন, ২য় শ্রেণীতে ৪২ জন, ৩য় শ্রেণীতে ২৯ জন, ৪র্থ শ্রেণীতে ২৫ জন, ৫ম শ্রেণীতে ২৭ জন সহ মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৬২ জন। শিক্ষকের সংখ্যা ০৪ জন। প্রধান শিক্ষক বকুল সরকার বলেন দীর্ঘদিন যাবৎ এ স্কুলের কোন সংস্কার না করার কারণে খুবই কষ্টের মাধ্যে পাঠদান করাতে হয়। আমরা উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অনেকবার চেষ্টা করেও সফলতা পাইনি।
জানা যায়, ১৯১৭ ইং সনে খালিয়াজুরী নগর ইউনিয়নের তাতিয়া নগর গ্রামে উক্ত বিদ্যালয়টি স্থাপিত হয়েছে, তার পূর্বে ১৯০৫ ইং সনে খালিয়াজুরী মেন্দীপুর ইউনিয়নে জিয়াখড়া গ্রামে জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। উক্ত দুইটি বিদ্যালয় শতবর্ষের বিদ্যালয় / প্রাচীন বিদ্যালয় হিসাবে এলাকাবাসীর নিকট পরিচিত। উল্লেখ্য যে,অত্র উপজেলার ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ছাত্র ৬৬৩৪ জন, ছাত্রী ৭১০৯ জন সহ মোট শিক্ষার্থী সংখ্যা ১৩৭৪৩ জন। ৬৩ জন প্রধান শিক্ষকের মধ্যে ৩৪ জন শিক্ষক কর্মরত আছেন। বাকি ২৯ জন প্রধান শিক্ষকের পদ শূন্য,এরমধ্যে সাতজন চলতি দায়িত্বে এবং বাকি ২২ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে।
সহকারী শিক্ষক ৩১৪টিপদ এরমধ্যে ২৯২ জন কর্মরত আছে, বাকি ২২ টি পদ শূন্য। আরো জানা যায় উক্ত উপজেলায় তাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (এক), ও বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট চারটি বিদ্যালয় টিনশেট ঘর দ্বারা পরিচালিত হচ্ছে। তাছাড়া, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ( দক্ষিণ), দাউদপুর মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাচ গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পুরাতন ভবনসহ মোট ০৭ টি বিদ্যালয় খুবই জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
উল্লেখ্য যে হারারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন, পূর্ব জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট তিন টি ভবন সংস্কার করার প্রয়োজন বলে প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন চৌঃ, ইন্দ্রজিত বর্মণ, মোঃ স্বপন মিয়া, দেবল চন্দ্র সরকার ও মোঃ আনিছুর রহমান ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) জানিয়েছেন। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিমাংশু চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক আতিকুর রহমান বলেন জরুরী ভিত্তিত্বে আমাদের বিদ্যালয়গুলো মেরামত এবং সংস্কার করা প্রয়োজন।
এ সকল বিদ্যালয়গুলো জরুরী ভিত্তিতে সংস্কার,মেরামত ও নতুন ভবন তৈরি করার প্রয়োজন বলে অত্র উপজেলার শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবু রায়হান জানিয়েছেন । তিনি আরো জানান অত্র উপজেলা শিক্ষা অফিসের ছয়টি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উচ্চমান সহকারি ও অফিস সহায়ক পদসহ মোট চার টি পদ শূন্য রয়েছে। উক্ত পদগুলো শূন্য থাকার কারণে বিভিন্ন স্কুলের তদারকির কাজসহ মানোন্নয়নের কাজ ধীর গতিতে চলছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন বলেন, উল্লেখিত প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি, আশা করি অতিদ্রুত সমস্যা সমাধান হবে ।
Leave a Reply