বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার ৯নং চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহাবুব উল মজিদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছেন এলাকাবাসী। ২ জুন ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ, যুবদলের সদস্য সচিব মো. রাশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হাসান শেখসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান সৈয়দ মাহাবুব উল-মজিদ ২০২১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু দায়িত্বগ্রহণের পর থেকেই তিনি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগবিহীন থেকে পরিষদের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করেননি। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি কাযর্ত ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। বক্তারা আরও জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অন্তত ০৫ টি মামলা দায়ের হয়েছে। তবে এখনও তাঁর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। সাম্প্রতিক অভিযোগে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত বরাদ্দের প্রায় দুইশত বস্তা চাল আত্মসাৎ করেছেন চেয়ারম্যান মাহাবুব। নির্ধারিত ভোক্তা কার্ডধারী অনেকেই বরাদ্দকৃত চাল পাননি। কেউ কেউ চাল পেলেও ১০ কেজির স্থলে পেয়েছেন মাত্র ৮/৯ কেজি করে। বক্তারা বলেন, আমরা তাঁর অপসারণ ও বিচার দাবি করছি।” শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
Leave a Reply