বিশেষ প্রতিনিধি ঃনেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে ধলামূলগাঁও, আগিয়া, খলিশাউরসহ বিভিন্ন এলাকায় ধানের জালাচার (বীজতলা) নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাতে তীব্র ঠান্ডা ও শিশিরের প্রভাবে ধানের চারা দুর্বল হয়ে পড়ছে। অনেক জায়গায় চারার পাতা পচে যাওয়া ও বৃদ্ধি ব্যাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এতে বোরো মৌসুমে ধান রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।,
পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের কৃষক মনজুরুল হক বলেন হঠাৎ করে এত শীত পড়ায় বীজতলা ঠিকভাবে বাড়ছে না। চারার পাতা পচে যাচ্ছে। শীত যদি আরও বাড়ে, তা হলে নতুন করে বীজতলা তৈরি করতে হবে, এতে খরচ অনেক বেড়ে যাবে। ঘাগড়া গ্রামের আরেক কৃষক মো. ফজলুর রহমান জানান রাতে কুয়াশা ও শিশিরে বীজতলা ভিজে থাকে। খড় ও পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছি, কিন্তু সব জমিতে তা করা সম্ভব হচ্ছে না।,
এছাড়া স্থানীয় বুধি গ্রামের কৃষক আব্দুল আলী,আব্দুল আওয়াল জানান কয়েকদিন ধরে টানা শীতের কারণে বীজতলার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও চারার রং হলদে বা সাদা হয়ে যাচ্ছে এবং কিছু চারা মারা যাচ্ছে।এ বিষয়ে পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জোবায়ের হোসেন বলেন,“প্রচণ্ড শীতে ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।,
কৃষকদের রাতে পলিথিন বা খড় দিয়ে বীজতলা ঢেকে রাখা, অতিরিক্ত পানি জমে থাকতে না দেয়া এবং প্রয়োজন অনুযায়ী ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন,কৃষকরা সময়মতো পরামর্শ মেনে চললে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। আমি নিজেও নিয়মিত মাঠে যাচ্ছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে রৌদ্র উঠে গেলে আর কোনো ক্ষতি হবে না আশা করছি।
Leave a Reply