বিশেষ প্রতিনিধিঃ দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা দ্রুত জাতীয়করণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মাদ্রাসা শিক্ষকরা। ১৫ এপ্রিল নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বঞ্চনার অভিযোগ ও শিক্ষকদের ক্ষোভ ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলার ১০টি উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার কয়েকশ শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, ১৯৮৪ সালে প্রায় ১৮ হাজার ইবতেদায়ি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হলেও আজও সেগুলোর ভাগ্যের উন্নয়ন ঘটেনি। বিশেষ করে ২০১৩ সালে সরকার দেশের ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একযোগে জাতীয়করণ করলেও, একই স্তরের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে উপেক্ষা করা হয়েছে। যা চরম বৈষম্যমূলক।
আয়োজক সংগঠনের জেলা সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান। অর্থ সম্পাদক জহিরুল ইসলাম। পূর্বধলা উপজেলা সভাপতি আবদুল হালিম ও কেন্দুয়া উপজেলা সভাপতি নাজমুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. শামছুল আলম বলেন সরকারি স্বীকৃতি থাকলেও আমাদের কোনো বেতন-ভাতা নেই, চাকরির নূন্যতম নিশ্চয়তা নেই। পরিবার নিয়ে বেঁচে থাকার তাগিদে অনেক যোগ্য শিক্ষক এই পেশা ছেড়ে দিচ্ছেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply