বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি অটোরিকশার চালক আকিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করে ৩০ জুলাই আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২৯ জুলাই উপজেলার নৈহাটি বাজার থেকে সিএনজি ভর্তি টায়ারসহ আকিকুলকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়।চালক আকিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি অটোরিকশার চালক।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল পুলিশকে জানান, মধ্যনগরের ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি ২ টি ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে টায়ারগুলো নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, জব্দ করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম জানান, অটোরিকশার চালক আকিকুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply