রাকিব মিয়া, কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বাজারের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়িত হলে এটি কলমাকান্দার অর্থনৈতিক উন্নয়নে ‘গেম চেঞ্জার’ হিসেবে ভূমিকা রাখতে পারে। ২৩ জুন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কলমাকান্দার উন্নয়নের প্রশ্নে কোন বিভেদ থাকার সুযোগ নেই। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন একটি উন্নত কলমাকান্দা গড়ে যেতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে।” তিনি বলেন, কলমাকান্দা বাজারকে কেন্দ্র করে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ফাদার এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ । মতবিনিময় সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য এলাকা ও কলমাকান্দা বাজার সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে যানজট নিরসনের পাশাপাশি কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
Leave a Reply