কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবিতে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছেন নেত্রকোনার কলমাকান্দার দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৬ আগস্ট কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ২ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন। প্রথমে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে দাবি আদায়ে কলমাকান্দা ব্রিজের উপর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এতে টানা ২ ঘণ্টা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ৬ দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যালয়ের বেদখলকৃত জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় জমির ব্যবস্থা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিবেশ ও জলাধার রক্ষা করা।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ এবং মাঠ অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও দ্রুত এসব দাবি মেনে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply