বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার উত্তর বিশিউড়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ০৭ সেপ্টেম্বর নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী ।
একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামকে পরিবর্তন করে নিরপেক্ষ কর্মকর্তার কাছে তদন্তভার দেয়ার দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ জুন রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে আমির ফয়সাল গুরুতর আহত হন।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াজ, রাজন, মাসুমসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। নিহতের পরিবার বলছে, এখন পর্যন্ত মাত্র ২জন আসামি গ্রেপ্তার হলেও অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। নিহতের পরিবার দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছে।
Leave a Reply