মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে ১৩ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে খালিয়াজুরী সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ এর মোট পরীক্ষার্থী ১৯৮ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ জন। মোট ফলাফল ৩৩.৩৩% হওয়ার কারণে, হতাশায় শিক্ষক, শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান ১৭ আগষ্ট আকস্মিকভাবে উক্ত বিদ্যালয় পরিদর্শন করেন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ফলাফল বিপর্যয়ের কারণে আমরা দুঃখিত। আমাদের বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকার কারণে, পাশাপাশি আরও তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তাছাড়া নির্বাচনী পরীক্ষায় যারা পাস করেনি, তাদেরকেও অভিভাবকদের অনুরোধে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হয়েছে বিধায় পাসের হার কমেছে। আমরা অচিরেই অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার হার ও মান বৃদ্ধির লক্ষে সমাবেশ করব। আশা করি আগামী এসএসসি পরীক্ষায় আমাদের ফলাফল সন্তোষজনক হবে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, পরিদর্শনকালীন সময়ে তিনি শিক্ষক/ কর্মচারীদের উপস্থিতি সন্তোষজনক বলে মনে করেন। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি খুবই নগন্য এবং দুঃখ জনক বলে তিনি হতাশা প্রকাশ করেন।
তিনি আরো জানান শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের কারণে শিক্ষক কর্মচারীদের কোন উদ্বেগ, বা আবেগ নেই। কারণ ফলাফল প্রকাশ হওয়ার এক সপ্তাহ হলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কোন মতবিনিময় সভা করেনি। তাছাড়া অন্যান্য শ্রেণীতে শিক্ষার্থীদের উপস্থিতির কম থাকার বিষয়েও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি ।
তিনি আরো জানান,লেখা পড়ার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে, আমি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক কর্মচারীদেরকে অচিরেই শিক্ষার্থীদের অভিভাবকগণ নিয়ে একটি অভিভাবক সমাবেশ করার জন্য নির্দেশ প্রদান করেছি।
পরিদর্শনের বিষয়ে তিনি আরো বলেন, পরবর্তী সময় আমি তাদেরকে, আজকের পরিদর্শনের একটি প্রতিবেদন রিপোর্ট লিখিত ভাবে প্রদান করব। এ সময় অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,কর্মচারী সহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply