কেন্দুয়া প্রতিনিধি: কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় ধানক্ষেতের পাশ থেকে মারুফ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন কেন্দুয়া থানা পুলিশ। মারুফ উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের হাদিস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর রাত আনুমানিক পৌনে ২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সাইডুলী নদী থেকে মাছ ধরে ফেরার পথে হাসুয়ারী হতে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে আবুল হাসেবের ধানক্ষেতের ড্রেইনে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়াকে বিষয়টি অবগত করেন। পরে ইউপি সদস্য সোহেল কেন্দুয়া থানা পুলিশকে জানালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব, এসআই ইমন পাল, এসআই জাহিদ হাসান রানা ও ডিউটিরত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং মরদেহ সনাক্তকরণ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ হাসান ১৮ অক্টোবর রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। এ ব্যাপারে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply