শাহিন মিয়া, দূর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর পাড়ে সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ৯ সেপ্টেম্বর পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেডসহ মোট ৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।
উপজেলা প্রশাসন সুত্র জানায় দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর পাড় এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন সময়ে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি স্থাপনা বালুঘাট চালু থাকার সময় নির্মাণ করা হয়। পরবর্তীতে বালুঘাটের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও স্থাপনা গুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো দীর্ঘদিন ধরে। পরিত্যক্ত এসব স্থাপনার কয়েকটি মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ ছিল । সরকারি সম্পত্তি উদ্ধার, অবৈধ দখলমুক্ত করা এবং মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “সরকারি স্বার্থ ও সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
“সরকারি সম্পত্তি ও খাসজমি রক্ষায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply